২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হামলা, শিক্ষকদের আল্টিমেটাম

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় ২০ শিক্ষক আহত হয়েছেন। মঙ্গলবার সকালের মধ্যে হামলাকারীদের শাস্তি না হলে ক্লাস-পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ময়মনসিংহ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় ২০ শিক্ষক আহত হয়েছেন। মঙ্গলবার সকালের মধ্যে হামলাকারীদের শাস্তি না হলে ক্লাস-পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সোমবার বিকালে ক্যাম্পাসে শিক্ষক ছাত্র কেন্দ্রে (টিএসসি) অবস্থানরত শিক্ষকদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত এক শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ হামলার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিভিন্ন ভবনে ভাংচুর চালায়। তারা কয়েকটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় ও দুটি গাড়ি ভাংচুর করে। সোমবার ছাত্রলীগের কয়েকজন কর্মীকে শিক্ষকরা সোমবার পুলিশে দেওয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষকরা আবার আক্রান্ত হওয়ার আশঙ্কায় তাদের নাম প্রকাশ করতে অপারগতা জানিয়েছেন। এর আগে রোববার ছিনতাইয়ের অভিযোগে দুছাত্রকে পুলিশে দেন প্রক্টর। এতে ছাত্রলীগের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। রাতেই প্রক্টরের হাড়িতে হামলা চালানো হয়। 'ছাত্রলীগের কর্মী-সমর্থকরা কটূক্তি করতে থাকে' বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু হাদী নূর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের আচরণের প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের গ্যালারিতে শিক্ষকদের জরুরি সভা হয়। সভা শেষে বেলা ১টার দিকে শিক্ষকরা রোববার রাতে প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসে জব্বারের মোড়ে পৌঁছালে সেখানে থাকা ছাত্রলীগের কিছু কর্মী-সমর্থক শিক্ষকদের লক্ষ্য করে কটূক্তি করতে থাকে। কোতোয়ালী থানার ওসি গোলাম সারোয়ার জানান, কটূক্তি শুনে কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে সেখান থেকে নূর আলম, হাবিব, রাসেল ও তপু নামের ছাত্রলীগের চার কর্মীকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এই চারজনকে পুলিশে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তারা বিকালে টিএসসিতে অবস্থানরত শিক্ষকদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা শিক্ষকদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম জানান, হামলায় ২০ শিক্ষক আহত হয়েছেন। এর মধ্যে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার মধ্যে হামলাকারী সব ছাত্রকে শাস্তি দিতে হবে। অন্যথায় শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা না নেওয়ার কর্মসূচি ঘোষণা করবেন। আটকদের মুক্তি দাবি ছাত্রলীগের অন্যদিকে গ্রেপ্তার ও আটক ছাত্রলীগ কর্মী-সমর্থকদের মুক্তির দাবিতে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। ৭২ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে লাগাতার ক্লাস ও পরীক্ষা বয়কটের ডাক দেওয়া হবে তারা ঘোষণা দেয়। ছাত্রলীগ বাকৃবি শাখার সভাপতি শামসুদ্দিন আল আজাদ জানান, রোববার রাতের সমস্যাটি নিয়ে প্রক্টরের সঙ্গে ছাত্ররা কথা বলতে গেলে তিনি কথা বলেননি। এমনকি ফোনও ধরেননি। তিনি দাবি করেন, সোমবার শিক্ষকরা কয়েকজন ছাত্রকে ধরে মারধর করে পুলিশে দেয়। এ নিয়ে সাধারণ ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়। বিকাল ৩টার দিকে বোটানিক্যাল গার্ডেনে ছিনতাইয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নূর মোহাম্মদ ও আরিফকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। পরে প্রক্টর আবু হাদী নূর আলীর নির্দেশে এ দুজনকে রাতেই সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে রাতে প্রক্টরের গাড়িতে হামলা চালায়। তারা শিক্ষক কোয়ার্টারে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। কোতোয়ালি থানার ওসি জানান, সোমবার বিকালে আটক চারজনকে সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের অভিযোগে রোববার আটক দুই ছাত্রকে গ্রেপ্তার করে সোমবার আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/পিডি/২৩৩৭ ঘ.