২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং: জাহাঙ্গীরনগরে বিক্ষোভে ছাত্রলীগের হামলা

লোডশেডিংয়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মিছিলে হামলা চালিয়েছে সরকার সমর্থক ছাত্রলীগ। ছাত্রলীগ বলছে, মিছিলকারীরা বহিরাগত। অন্যদিকে প্রক্টরের কথায় মিছিলকারীদের ছাত্রের স্বীকৃতি মিললেও তিনি বলেছেন, তারা 'বেয়াদব'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মিছিলে হামলা চালিয়েছে সরকার সমর্থক ছাত্রলীগ। ছাত্রলীগ বলছে, মিছিলকারীরা বহিরাগত। অন্যদিকে প্রক্টরের কথায় মিছিলকারীদের ছাত্রের স্বীকৃতি মিললেও তিনি বলেছেন, তারা 'বেয়াদব'। কয়েকদফা লোডশেডিংয়ের পর সোমবার মধ্যরাতে কয়েকটি হলের ছাত্ররা মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে তারা উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবীরের বাসভবন ঘেরাও করে। কয়েকশ ছাত্রের ওই মিছিল উপাচার্যের বাড়ির সামনে গেলে প্রক্টর আরজু মিয়ার সঙ্গে ছাত্রদের তর্কাতর্কি হয়। তিনি মিচিল করতে নিষেধ করলেও ছাত্ররা মিছিল চালিয়ে যায়। উপাচার্যের দেখা না পেয়ে ছাত্ররা এক পর্যায়ে মিছিল নিয়ে প্রায় ১০০ গজ দূরে চৌরঙ্গীতে এলে সেখানে রড ও লাঠি নিয়ে হামলা চালায় ছাত্রলীগের এক দল কর্মী। ছাত্রলীগকর্মীদের ধাওয়ার মুখে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় প্রক্টর ঘটনাস্থলে থাকলেও তার নীরব ভূমিকা ছিলো বলে ছাত্রদের অভিযোগ। এ হামলায় প্রক্টরের মদদ ছিলো বলেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষোভকারী দাবি করেন। ছাত্রদের মিছিলে চড়াও হওয়ার সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি এসএম নিয়ামুল পারভেজ এবং বহিষ্কৃত যুগ্ম সম্পাদক আজগর আলীকে দেখা যায়। নিয়ামুল এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেণ, "বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে জানতে পেরে তা দেখতে গিয়েছিলাম।" প্রক্টর আরজু মিয়া বলেন, "বিক্ষোভকারীরা সবাই বেয়াদব। ওরা ১ টাকায় বাসে করে ঢাকা যায়, এখন মধ্যরাতে এসেছে বিশৃঙ্খলা করতে।" হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১১০ ঘ.