২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ সেরা দশে ৯টিই ক্যাডেট কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ১০ বোর্ডের মধ্যে সেরা কলেজের স্থান করে নিয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ। তবে দেশ সেরা দশের নয়টিই ক্যাডেট কলেজ, যার এক তৃতীয়াংশ মেয়েদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ১০ বোর্ডের মধ্যে সেরা কলেজের স্থান করে নিয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ। তবে দেশ সেরা দশের নয়টিই ক্যাডেট কলেজ, যার এক তৃতীয়াংশ মেয়েদের। ফল পর্যালোচনা করে দেখা গেছে, শীর্ষ ১০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ঢাকার তিনটির পাশাপাশি সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে রাজশাহীর। কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুরের রয়েছে একটি করে প্রতিষ্ঠান। দেশ সেরা দশ দেশের আটটি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের গ্রেড পয়েন্টের ভিত্তিতে ১০ বোর্ডের ২০টি করে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। দশ বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম, পঞ্চম ও নবম স্থানে রয়েছে ঢাকা বোর্ডের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম স্থানে রাজশাহী এবং দিনাজপুরে সেরা প্রতিষ্ঠানটি দ্বিতীয়, কুমিল্লার সেরা প্রতিষ্ঠান রয়েছে চতুর্থ, চট্টগ্রামের সেরা প্রতিষ্ঠান সপ্তমে এবং যশোরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দশমে। এ তালিকায় প্রথম স্থান পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পয়েন্ট ৯৪ দশমিক ৬৪ এবং দশম স্থান অধিকারীর পয়েন্ট ৮৮ দশমিক ৬৭। একশ'র মধ্যে ৯৪ দশমিক ৬৪ পয়েন্ট পেয়ে দেশ সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। দ্বিতীয় স্থান পাওয়া রংপুর ক্যাডেট কলেজের পয়েন্ট ৯১। ৯০ পয়েন্ট নিয়ে পাবনা ক্যাডেট কলেজ হয়েছে তৃতীয়। চতুর্থ স্থান পাওয়া কুমিল্লা বোর্ডের ফেনী গার্লস ক্যাডেট কলেজের গ্রেড পয়েন্ট ৮৯ দশমিক ৮০। ঢাকা বোর্ডের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৮৯ দশমিক ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া ৮৯ দশমিক ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ রাজশাহী বোর্ডের রাজশাহী ক্যাডেট কলেজ, ৮৯ দশমিক ১৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বোর্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ সপ্তম, ৮৮ দশমিক ৭৪ পয়েন্ট নিয়ে অষ্টম রাজশাহীর বোর্ডের দ্বিতীয় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, ৮৮ দশমিক ৭২ পয়েন্ট নিয়ে ঢাকা বোর্ডের মির্জাপুর ক্যাডেট কলেজ নবম এবং ৮৮ দশমিক ৬৭ পয়েন্ট নিয়ে দশম স্থান পেয়েছে যশোর বোর্ডের সেরা প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯০৪ ঘ.