সিলেট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্ট সময়ের আগেই উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের দাবি না মানায় সিলেট সরকারি কলেজে বুধবার ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এসময় তারা কলেজের অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
পরে পুলিশ ও ছাত্রলীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার হস্তক্ষেপে মুক্ত হন অধ্যক্ষ আশফাক আহমদ সীমা।
বুধবার দুপুর ১টার দিকে নগরীর টিলগড় এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে সিলেট মহানগর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক সাইফুর রহমান রুমেলের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী নির্দিষ্ট সময়ের আগে এইচএসসি'র ফল প্রকাশ করতে বলেন অধ্যক্ষকে। অধ্যক্ষ তা করতে অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগকর্মীরা অধ্যক্ষের কক্ষের আসবাবপত্র তছনছ করে।
পরে ছাত্রলীগকর্মীরা কলেজের পরীক্ষার নিয়ন্ত্রকের কক্ষ ও পাশ্ববর্তী শ্রেণীকক্ষের ডেস্ক, বেঞ্চ ও কাঁচের জানালা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের কিছু কর্মী নির্দিষ্ট সময়ের আগে ফল প্রকাশ করতে বললে আমি সময়ের আগে ফল প্রকাশ করতে অপারগতা জানাই। পরে তারা কলেজে ভাংচুর চালায়।
সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেবাংশু দাস মিঠু বলেন, "অধ্যক্ষকে অবরুদ্ধ করার খবর পেয়ে বেলা আড়াইটার দিকে গিয়ে আমি মুক্ত করেছি। পরে ছাত্রলীগ নেতাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি।"
তবে অভিযুক্ত সিলেট মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমার রুমেল বলেন, 'ফলপ্রকাশ করতে বিলম্ব হচ্ছে দেখে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ভাংচুর করেছে। খবর পেয়ে আমি অধ্যক্ষকে উদ্ধার করতে সেখানে যাই।'
বর্তমানে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা খায়রুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৫০ ঘ.
bdnews24