ময়মনসিংহ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হল তল্লাশি করে পুলিশ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ক্যাম্পাসের কামাল-রঞ্জিত মার্কেটে ছাত্রলীগ বাকৃবি শাখা সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন পক্ষের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৭ জুলাই তাপসী রাবেয়া হলে ইমনের পক্ষের এক ছাত্রীকে মারধর করে আজাদ পক্ষের এক ছাত্রী। এর জের ধরে আজাদকেও আশরাফুল হক হলে ইমনের পক্ষের নেতা-কর্মীরা অপমান করে। ফলে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিলো।
এর সূত্র ধরেই বৃহস্পতিবার দুপুরে প্রথমে দুই পক্ষের দুই ছাত্রের মধ্যে কথাকাটি ও মারামারি হয়। পরে দুই পক্ষই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। সংঘর্ষে উভয় গ্র"পের জয়, সোহেল, জাহিদ, প্রিন্স, সুজয়, আজহারসহ কমপক্ষে ১০-১২ জন ছাত্রলীগকর্মী আহত হয়। তাদের বাকৃবি'র হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি।
তিনি জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে পুলিশ শামসুল হক হল, সোহরাওয়ার্দী হল, নাজমুল আহসান হল ও ফজলুল হক হল থেকে ১৫টি রামদা, একটি তলোয়ার, চারটি মদের বোতল, বিপুল সংখ্যক রড ও লাঠিসোটা উদ্ধার করে।
বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন দু'জনই এটিকে বিচ্ছিন্ন ঘটান বলে দাবি করেন।
তারা দুজনই এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২২৪৭ ঘ.
bdnews24