২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ইসলামী বিশ্ববিদ্যাল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে। এ সময় বিশ্বদ্যিালয়ের চারটি গাড়ি ভাংচুর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১১টার দিকে ছাত্রলীগ ক্যাম্পাসে হরতাল বিরোধী একটি মিছিল বের করে। এ সময় ছাত্রদল ইবি শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ অনুষদ ভবনের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানে নেতাকর্মীদের নিয়ে গল্প করছিলেন। ছাত্রলীগের মিছিলটি সেখানে পৌঁছলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন অনুষদে আশ্রয় নেন। সংঘর্ষে ছাত্রদলের ইবি শাখার কর্মী তুহিন আলী, সিরাজুল ইসলাম, শামীম হোসেন, শাহেদ, সোহেল, সাব্বির, ওবায়দুল আহত হন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আনিচুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মেহের আলী, সিন্ডিকেট সদস্য ড. আনোয়ার হোছাইন, মহাব্বত হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ছাত্রলীগ আবার ক্যাম্পাসে মিছিল শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে অবস্থান নিলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এরপর বেলা দেড়টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা আবারো তিন নম্বর ফটকে বিশ্ববিদ্যালয়ের চারটি বাসে ভাংচুর চালায়। এ সময় আহত হন- ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আরযাক হোসেন, বাস চালক সালাউদ্দিন, ধলা হোসেন, ইলিয়াছ, বাসের সহকারী কিরণ, সাইফুল, আলমগীর হোসেন, কর্মচারী আসমা খাতুন, ফিরোজাসহ অন্তত ১০ যাত্রী আহত হয়। ছাত্রদল ইবি শাখা সভাপতি ওমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ হামলা চালিয়েছে। ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রদল বহিরাগত নিয়ে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। ভারপ্রাপ্ত প্রক্টর আনিচুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। ইবি পরিবহন প্রশাসক রেজোয়ানুল ইসলাম বলেন, ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে চারটি গাড়ি ভাংচুর করেছে। ইবি থানার ওসি মিজানুর রহমান জানান, গাড়ি ভাংচুরের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদল ইবি শাখা সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, আনিচ, নুরুল, খায়ের, রতন, শাহেদ, মুক্তার, মিলন, রুবেল, জাহাঙ্গীর, সোহাগ, রনজু, নজরুল, রকি, আজাদ, আরিফ, কামরুল, শাওকিসহ মোট বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৮ ঘ.