২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির বাজেটে শিক্ষায় বরাদ্দ ১১ শতাংশ

নতুন অর্থবছরের জন্য ২৭৭ কোটি ২৯ লাখ টাকার বাজেট প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার মধ্যে শিক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে মোট বরাদ্দের ১১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের জন্য ২৭৭ কোটি ২৯ লাখ টাকার বাজেট প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার মধ্যে শিক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে মোট বরাদ্দের ১১ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান মঙ্গলবার বিকাল ৫টায় সিনেট অধিবেশনে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে, ২২০ কোটি এক লাখ টাকা, যা মোট ব্যয়ের ৭৯ দশমিক ৩৪ শতাংশ। আর আনুষঙ্গিক খাতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ২৫ লাখ টাকা। বাজেটে শিক্ষা সংক্রান্ত ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা, যার মধ্যে গবেষণা খাতে বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। আয়ের উৎস হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ২২২ কোটি এক লাখ টাকা অনুদান এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৩১ কোটি টাকা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২৩ কোটি ৮৯ লাখ টাকা। ঢাবির বাজেটে আয়ের উৎসে বর্ধিত আয়ের জন্য বেতন-ফি বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর শিক্ষার্থীদের বেতনসহ বিভিন্ন ফি উৎসের আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা। যা গতবার থেকে ১ কোটি ৮০ লাখ টাকা বেশি। বিকাল ৪টায় বার্ষিক সিনেট অধিবেশন শুরু হওয়ার পর অধ্যাপক মীজানুর রহমান ২০১১-১২ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। অধিবেশনে চেয়ারম্যানের বক্তৃতায় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উচ্চশিক্ষা ও গবেষণা খাতে ব্যয় বাড়লে কোনো অবস্থাতেই তা অপচয় বিবেচিত হতে পারে না। সবসময়ই তা লাভজন বিনিয়োগ হিসেবে গণ্য হয়। প্রয়োজনীয় বরাদ্দ ও উৎসাহের দেশে বিজ্ঞান গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, "আশা করি, এ দেশে গবেষণা খাতে বরাদ্দ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। বিজ্ঞানীদের আবিষ্কার ও উদ্ভাবনের বাস্তবিক প্রয়োগ আমরা প্রত্যক্ষ করতে পারব।" আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা রুমানা মনজুরের ওপর তার স্বামী হাসান সাইদের নির্যতনকে 'মধ্যযুগীয়' অভিহিত করে এর সুষ্ঠু বিচার দাবি করেন উপাচার্য। গত ৫ জুন ধানমণ্ডির বাসায় সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুমানা। ভারতের দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে ঢাকায় ফেরেন তিনি। তার দুটি চোখই নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রুমানাকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গোয়েন্দা পুলিশ গত ৬ জুন সাইদকে গ্রেপ্তার করেছে । অধ্যাপক আরেফিন সিদ্দিক জানান, বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে 'ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্তম্ভ' নির্মাণ এবং ওই এলাকাকে 'মুক্তিযোদ্ধা চত্বর' ঘোষণা করে সৌন্দর্যমণ্ডিত করা হবে। এছাড়া বর্তমান ডাকসু ভবন ভেঙে সেখানে ১২-তলা ডাকসু ভবন ও বিশ্ববিদ্যালয় আর্কাইভ ও জাদুঘর নির্মাণ করা হবে বলেও জানান তিনি। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ সিনেট বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৯২৮ ঘ.