২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবি

সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। সংশোধিত সংবিধানে শিক্ষাকে প্রত্যেক শিশুর মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট ও বেসরকারি সংস্থা এনজিও মানব উন্নয়ন উদ্যোগ 'শিক্ষায় বরাদ্দ' শীর্ষক বাজেট পরবর্তী এই আলোচনা সভার আয়োজন করে। প্রস্তাবিত বাজেটে শিক্ষানীতির বিষয়টি উল্লেখ না থাকায় এর সমালোচনা করে খলীকুজ্জমান বলেন, শিক্ষানীতি বাস্তবায়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনে অর্থ প্রয়োজন হবে। বাজেটে শিক্ষানীতির বিষয়টি উল্লেখ করা উচিত ছিলো। বাজেটকে উন্নয়ন-বান্ধব অ্যাখ্যায়িত করে তিনি বলেন, শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হলেও জাতীয় আয়ের অনুপাতে তা বাড়েনি। গত বাজেটে শিক্ষাখাতে জিডিপির ১৩ দশমিক ৯ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও এবার এ খাতে ১২ দশমিক ৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট পাসের আগে অর্থমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশাপ্রকাশ করেন এই অর্থনীতিবিদ। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে মূল্যস্ফীতির দিকে নজর দিতে হবে উল্লেখ করে খলীকুজ্জমান বলেন, বাজেট বাস্তবায়নই বড় সমস্যা। এজন্য বিনিয়োগ বাড়াতে হবে। বিদ্যুৎ-গ্যাসের যোগান নিশ্চিত করতে হবে। একটি সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নেরও দাবি জানান তিনি। অনুষ্ঠানে সাবেক শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান বলেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে প্রায় ৬৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। সরকারি ও বেসরকারি তহবিল গঠন করে সকল স্তরে শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষকদের বেতন পরিশোধেই এ বাজেটের ৯০ শতাংশ অর্থ খরচ হয় তথ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষাখাতে আরো বরাদ্দ রাখার দাবি জানান। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গবেষণাখাতে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে এ শিক্ষাবিদ বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বাড়িয়ে দিতে হবে যেন কেউ প্রাইভেট পড়াতে উৎসাহী না হন। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়ক ও মানব উন্নয়ন উদ্যোগের চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ এতে সভাপতিত্ব করেন। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য সচিব শেখ ইকরামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মো. আখতারুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরআরডি/কেএমএস/১৬২৩ ঘ.