নাটোর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত শিক্ষককে বরখাস্ত করায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন অব্যাহত রয়েছে।
গত ১১ জুন থেকে ক্লাশ বর্জন শুরু হয়। রোববারও এ কর্মসূচি অব্যাহত ছিল।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাজেদুর রহমান বলেন, কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগে কর্তৃপক্ষ গত ১১ জুন ১১জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাদের মধ্যে সাত প্রভাষক কারণ দর্শানোর নোটিশ গ্রহন না করায় গত বুধবার (১৫ জুন) তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এরা হলেন- রাষ্ট্রবিজ্ঞানের আশরাফুল ইসলাম ডালিম, মার্কেটিংয়ের সুব্রত মৈত্র, ইংরেজির প্রবাল কুমার, কৃষি বিভাগের মোশাররফ হোসেন সরদার ও সিদ্দিকুর রহমান, মনোবিজ্ঞানের বীরেন্দ্রনাথ দেবনাথ এবং ক্রীড়ার আব্দুল মতিন।
অধ্যক্ষ আরো বলেন, বরখাস্ত হওয়া সাত শিক্ষক কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলেজের অচলাবস্থার ব্যাপারে তিনি বলেন, পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নির্ধারণ করা হবে।
এদিকে বরখাস্তের আদেশ বাতিলের দাবিতে ওইদিন (বুধবার) সকাল পৌনে ১১টায় শিক্ষকরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা অনির্দিষ্টকালে জন্য ক্লাশ বর্জনের ঘোষণা দেয়।
এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন বলেন, অন্যায়ভাবে শিক্ষকদের বরখাস্ত করা হয়েছে। এসব শিক্ষক অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির তথ্য ফাঁস করে দেওয়ায় অধ্যক্ষের রোষানলে পড়েন।
প্রশাসনের পক্ষ থেকে অধ্যক্ষকে অপসারণ না করলে তারা আরো বড় ধরনের কর্মসূচি দেওয়ার কথা বলেন।
বর্তমান অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাজেদুর রহমানের চাকরির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। এর আগে ২৩ ডিসেম্বর কলেজ পরিচালনা পরিষদ তার চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করে। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ১ জানুয়ারি থেকে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। দু'দফা অভ্যন্তরীণ পরীক্ষাও স্থগিত করা হয়।
এর জেরে কলেজের অফিস ও ক্লাশ রুম ভাংচুর, হাজিরা খাতা ছিনতাই, ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি, অধ্যক্ষকে অফিসে আসতে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে ১১ শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কলেজের উপাধ্যক্ষ পরিমল কুমার।
অভিযুক্ত শিক্ষকরা এখন উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.
bdnews24