ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির ড. কুদরাত-ই-খুদা হলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন জখম হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাজারীবাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলে সিট দখল করে রাখা নিয়ে কয়েকজন সাবেক ছাত্রের সঙ্গে বর্তমান ছাত্রদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষ হকিস্টিক, চাপাতি ও লাঠি নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঁচজন হলেন, রায়হান মাহমুদ (২৩), হাসান (২৫), আহম্মেদ স্বপন (২৩), ফিরোজ খান (২৪) ও মাহমুদুর হাসান। তারা কলেজ অব লেদার টেকনোলজির বিভিন্ন বর্ষের ছাত্র।
ওসি মো. রফিকুল ইসলাম শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/জেকে/০০৫৮ ঘ.
bdnews24