ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশ জারির মাধ্যমে দীর্ঘ সাড়ে ৬ মাস পর নিয়মিত উপাচার্য পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
গত ২৮ নভেম্বর ড. আবু ইউসুফ আলমের মৃত্যুর পর ৯ ডিসেম্বর থেকে ড. মোহাম্মদ আলাউদ্দিন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে চার বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।"
চবির উপ-নিবন্ধক (তথ্য) ফরহাদ হোসেন বলেন, নতুন উপাচার্য বুধবার সকাল ১১টায় দায়িত্ব গ্রহণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭০৫ ঘ.
bdnews24