চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রসায়ন শিক্ষাকে জনপ্রিয় করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড।
'কেমিস্ট্রি, আওয়ার লাইফ আওয়ার ফিউচার' স্লোগানকে সামনে রেখে রসায়নের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি (আইইউপিএসি) চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতায় ২৫টি কলেজের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেন।
অলিম্পিয়াডে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ।
অন্যদের মধ্যে চবির রসায়ন বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন মো. হাবিব উল্লাহ, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রধান ড. হযরত আলী মিয়া, সরকারি সিটি কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম সরওয়ার, হাজী মুহাম্মদ মহসিন কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হামিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ প্রতিযোগীতার শীর্ষ ১০ জন ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় রসায়ন অলিম্পিয়াডে অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২২১৮ ঘ.
bdnews24