২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল কলেজে সংঘর্ষ: ১২ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন কলেজের অধ্যক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

বরিশাল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ মো. আব্দুস সালাম শিকদার শুক্রবার বিকালে কোতয়ালী মডেল থানায় ছাত্র অধিকার আন্দোলনের কয়েকজন নেতাসহ ১২ জনের বিরুদ্ধে কলেজের কয়েক লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট ও সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ এনে এই মামলা করেন। মামলায় ছাত্র অধিকার আন্দোলনের আহবায়ক মো. সজিবুর রহমান, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম ফিরোজ ওরফে ফিরোজ মোস্তফা, সদস্য কানিজ ফাতেমা, মো. মোহাইমিনুল ইসলাম, এনামূল হক-১, বাহাউদ্দিন জাকারিয়া, মো. রাকিবুল ইসলাম, মো. এনামুল হক, হাজুর রহমান, হাফিজুর রহমান মিলন, ফিরোজ আহমেদ ও কলেজের সাবেক ছাত্র মো. আবু সায়েমকে আসামি করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। 'ছাত্র অধিকার আন্দোলন' এর ব্যানারে শিক্ষার্থীরা ওই কলেজে সদ্য খোলা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তিসহ তিন দফা দাবিতে ছয় দিনব্যাপী আন্দোলনের তৃতীয় দিন বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শিক্ষার্থীরা। এতে ২৫ জন আহত হয়। ১৩ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ১০ দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে সংঘর্ষের দিন আরো একটি মামলা হয়েছে। কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মামলাটি করেন। সংঘর্ষের সময় আটক ১৩ শিক্ষার্থীকে ওই মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/২১০৯ ঘ.