চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর জেরে নগরীর মুরাদপুর-বহদ্দারহাট সড়কে অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে জনতা।
মঙ্গলবার রাতে শুলকবহর এলাকায় নিহত হন চবি দর্শন বিভাগের নতুন চতুর্থ বর্ষের ছাত্র সরোয়ার কামাল (২২)।
তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখলী গ্রামের আশরাফ আলীর ছেলে। শুলকবহরে একটি ছাত্রমেসে থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে শুলকবহর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সিটিবাস চাপা দেয় সরোয়ার কামালকে।
সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ওই এলাকায় মেসে বসবাসকারী কিছু বিশ্ববিদ্যায় ছাত্র বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে এবং মুরাদপুর-বহদ্দারহাট সড়ক অবরোধ করে।
পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করে। রাত সাড়ে ১১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24