২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিসিএস পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিলে বহিষ্কার'

বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার (প্রিলিমিনারি) কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার (প্রিলিমিনারি) কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছারউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন "পরীক্ষার হলে দুর্নীতি প্রতিরোধ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।" শুক্রবার ৩১তম বিসিএস'র প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে এক লাখ ৬৩ হাজার ৫০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। নেছারউদ্দীন জানান, পরীক্ষার্থীরা কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ইলেক্ট্রনিক সামগ্রী, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ব্যাগ এবং বই নিয়ে প্রবেশ করতে পারবে না। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। "কারো কাছে মোবাইল ফোন এবং যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে।" পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন না রাখার বিষয়ে প্রবেশপত্রেও নির্দেশনা রয়েছে। তবে তাতে বহিষ্কার সংক্রান্ত কোনো নির্দেশনা নেই। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা সোয়া ৯টার পরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক। এবার দেশের ছয়টি বিভাগীয় শহরের ১১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২৬ জানুয়ারি দুই হাজার ১০৮টি শূন্য পদ পূরণের জন্য ৩১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে পিএসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৩৫ ঘ.