ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের সিল জালিয়াতি করে ট্রান্সক্রিপ্ট (নম্বর পত্রের নমুনা) তুলে দেওয়ার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারীকে আটক করা হয়েছে।
আটককৃত আফজাল হোসেন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট শাখার পিয়ন।
বৃহস্পতিবার দুপুরে আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, আফজাল টিএসসির জনতা ব্যাংকের সিল জালিয়াতি করে দীর্ঘদিন ধরে ছাত্রদের ট্রান্সক্রিপ্ট তুলে দিচ্ছিলো। এক্ষেত্রে তিনি ব্যাংকে টাকা জমা না দিয়ে তার কাছে থাকা একটি পুরান সিল দিয়ে অনুমোদন করে দিতো।
তিনি বলেন, "গত মঙ্গলবার প্রথমে মার্কশিট শাখার প্রধান সহকারী আবদুল ওয়াদুদের কাছে ধরা পড়ে আফজাল। এর মাধ্যমে তিনি প্রায় ১৬ হাজার টাকা আয় করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। কতদিন ধরে তিনি এ কাজ করছেন তদন্তে তা জানা যাবে।"
আফজালকে মৌখিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান বাহালুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৩ ঘ.
bdnews24