নোয়াখালী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর গ্রীষ্মের ছুটি এগিয়ে এনেছে কর্তৃপক্ষ।
বুধবার থেকে আগামী ৮ জুন পর্যন্ত এ ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয় প্রক্টরিয়াল বডির এক জরুরি সভায়।
মঙ্গলবার সন্ধ্যায় এ সভা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একেএম সায়েদুল হক চৌধুরী।
তিনি বলেন, সন্ধ্যার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২ জুন থেকে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে এ ছুটি এগিয়ে আনা হয়, বলেন তিনি।
হলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও ভাষাশহীদ আবদুস সালাম হল ভাংচুর হয়।
সালাম হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল বাশারকে প্রায় দুইঘণ্টা ছাত্রলীগকর্মীরা অবরুদ্ধ করে রাখে বলে ছাত্ররা জানায়।
দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মাহবুব রশীদ।
আহতদের মধ্যে তুষার, মুন্না, তারেক ও তৌশিক সোনাপুর র্যয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রলীগকর্মী তুষার, মুন্না ও তারেক সাংবাদিকদের বলেন, কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মহসীন সোমবার রাত ১১টার দিকে ভাষাশহীদ সালাম হলের ১১টি কক্ষ দখল করে তার সমর্থকদের নিয়ে অবস্থান নেয়।
এর প্রতিবাদে মঙ্গলবার সকালে ছাত্রলীগের আরেক অংশের নেতা নুরুল আফসার কাজলের নেতৃত্বে অপর পক্ষ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয় বলে শিক্ষার্থীরা জানায়।
এ বিষয়ে দুপুরে উপাচার্য একেএম সায়েদুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। সমঝোতার চেষ্টা চলছে।
মারামারির পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/ডিডি/২২৫১ ঘ.
bdnews24