২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলস লিটলের নতুন অধ্যক্ষ আলমগীর হোসেন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এই আদেশ জারি করে। আগের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মঈনুল ইসলাম চৌধুরীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরো কয়েকটি পদে রদবদলের আদেশ জারি করেছে মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাঈদ নূর আলমকে রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজহারুল হককে একই মন্ত্রণালয়ের উপ-প্রধান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নরসিংদীর রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজানুর রহমানকে সরকারি যানবাহন মেরামত কারখানার ব্যবস্থাপক এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নূরুল ইসলামকে রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (রাজশাহী ওয়াসা) হিসাব রক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ড্রেজার খনক-এর বৈদ্যুতিক কর্মকর্তা পদে প্রেষণে থাকা নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শিবু চন্দ্র ভৌমিককে আগের কর্মস্থল নৌ-বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৬৩৪ ঘ.