২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মানসম্মত শিক্ষার জন্য প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন'

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের সব বিদ্যালয়ে সমমানের সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষিত শিক্ষক দেওয়া প্রয়োজন বলে মনে করেন চট্টগ্রামের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের সব বিদ্যালয়ে সমমানের সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষিত শিক্ষক দেওয়া প্রয়োজন বলে মনে করেন চট্টগ্রামের শিক্ষকরা। শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে পিপিআরসি চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ নামক একটি বেসরকারি সংস্থা 'মানসম্মত স্কুল শিক্ষা: আকাঙ্খা ও বাস্তবতা' শীর্ষক এ আলোচনা সভায় এ মত দেন শিক্ষকরা। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় চট্টগ্রামের সরকারি, বেসরকারি, সিটি কর্পোরেশন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনায় অংশ নেন। তারা বলেন, শিক্ষকদের বেতন কাঠামো বাস্তবসম্মত না হওয়ায় মেধাবীরা এ পেশায় আসছেন না। এছাড়া নগরে সুযোগ-সুবিধা বেশি হওয়ায় সবাই নগরমুখী হচ্ছেন। এতে গ্রামের বিদ্যালয়গুলোর শিক্ষার মান দিনদিন কমছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদা বলেন, "স্কুলে শিক্ষার পরিবেশ ঠিক রাখতে ও মানসম্মত শিক্ষার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এজন্য শিক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।" বর্তমানে শিক্ষকরা শিক্ষার চেয়ে অর্থ আয়ের দিকে বেশি ঝুঁকে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি। প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে চট্টগ্রাম বোর্ডের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেন, "বর্তমানে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। কিন্তু দেশের সব স্কুলে শিক্ষকদের মান সমান নয়। "অভিন্ন প্রশ্নের মতো অভিন্ন মানের শিক্ষক নিয়োগ দেওয়া হলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।" শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের প্রশিক্ষণ, সিলেবাস বৈষম্য, শিক্ষার বাণিজ্যিকরণ এবং কোচিং সেন্টার বন্ধ করে স্কুল ভিত্তিক কোচিং চালু করা পক্ষে মত দেন তিনি। বৈঠকে হোসেন জিল্লুর চট্টগ্রামের শিক্ষার অবস্থা নিয়ে বার্ষিক প্রতিবেদন 'শিক্ষার হালখাতা' প্রকাশ করা হবে বলে জানান। প্রতি বছর বৈশাখ মাসে এ প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য, সৃজনশীল ব্যবস্থা কেমন কাজ করছে এ নিয়ে গবেষণা এবং শিক্ষার মানোন্নয়নে যেসব প্রতিবন্ধকতা আছে তা চিহ্নিত করা হবে বলে জানান তিনি। বৈঠকে আরো বক্তব্য দেন- ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিকান্দর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মেসবাউল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর রেহেনা কবির রানু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/পিডি/১৯৪৯ ঘ.