নরসিংদী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে নরসিংদী তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেছে।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে তারা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা ইনস্টিটিউটের অধ্যক্ষকে তার কক্ষে আটকে রাখে।
একঘণ্টা পর তার কক্ষের তালা খুলে দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
পরে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ইনস্টিটিউটে গিয়ে অবস্থান নেয়।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আয়েশা আক্তার, ইয়াহিয়া খান ও সাদ্দাম হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ন্ত্রণাধীন নরসিংদী তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
ইনস্টিটিউটে চলমান বিভিন্ন কোর্সে ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে রয়েছে ৪৭ জন। ভর্তির সময় কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল, সরকারি হিসেবে তাদের ভর্তি করা হবে।
প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ আদায় করা হয় দশ হাজার টাকা। ইতোমধ্যে তারা প্রথম সেমিস্টার শেষ করে দ্বিতীয় সেমিস্টারে পড়ছে।
কর্তৃপক্ষ তাদের দ্বিতীয় সেমিস্টার ফি বাবাদ আরো আট হাজার টাকা পরিশোধের নোটিশ দেয়। অথচ অন্যান্য সরকারি ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সেমিস্টার ফি মাত্র এক হাজার আটশ' টাকা।
শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপারে অনড় থাকেন।
এতে বিক্ষুব্ধ শক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। কয়েকজন শিক্ষকের অনুরোধে সাড়ে ১০টার দিকে তালা খুলে দেয়।
তবে বর্ধিত ফি প্রত্যাহার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
নরসিংদী তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটি একটি প্রশিক্ষণ কেন্দ্র। দেশে টেক্সটাইল শিক্ষার চাহিদার কথা বিবেচনা করে তাঁত প্রশিক্ষণের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কোর্সেরও অনুমতি নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের কাছ থেকে মন্ত্রাণালয় নির্ধারিত সেমিস্টার ও আনুষঙ্গিক ফি বাবাদ নয় হাজার টাকা ধার্য করা হয়।
অধ্যক্ষ আরো বলেন, স্বায়ত্বশাসিত এই প্রতিষ্ঠানটির যাবতীয় পরিচালন ব্যয় নির্বাহ করা হয় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকায়।
তিনি তাদের দাবি অনৈতিক বলে আখ্যায়িত করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) জিএম আশরাফ বলেন, শিক্ষার্থীদের দাবি প্রশাসন তাদের কাছ থেকে বেশি ফি আদায় করছে। ফি কমানোর দাবিতে তারা ইনস্টিটিউটে বিক্ষোভ করে।
খবর পেয়ে ইনস্টিটিউটে পুলিশ গিয়ে অবস্থান নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০৩ ঘ.
bdnews24