২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ছাত্রের লাশ উদ্ধার বান্দরবানে

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ বান্দরবান থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ বান্দরবান থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে হিমেল দাশ সুপেন (১৫) নামের ওই ছাত্রের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নগরী ও বান্দরবান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরী থেকে গ্রেপ্তার করা হয় মাহমুদুল ইসলামকে (৩২)। তিনি নিহত সুপেনের এক বন্ধুর দুলাভাই বলে পুলিশ জানিয়েছে। বান্দরবান থেকে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। সুপেন বৃহস্পতিবার (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত ৮ মে বান্দরবান বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরদিন সে আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। বুধবার (১১ মে) সুপেনের মা নগরীর ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডবলমুরিং থানা পুলিশের একটি দল বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে সুপেনের লাশ উদ্ধার করে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি। অভিযান দলের সদস্য ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরী থেকে গ্রেপ্তার ইসলামকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পাহাড় থেকে সুপেনের লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ইসলামের ওই সহযোগীকে। তবে ঠিক কোন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে তা পুলিশ জানাতে পারেনি। এসআই সেকান্দার আরো জানান, গলায় বেল্ট পেঁচিয়ে হত্যার পর সুপেনের লাশ পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুপেন রেলওয়ের সাবেক কর্মকর্তা প্রয়াত সুনীল দাশের ছেলে। নগরীর ডবলমুরিং থানার পাশে সুপেনের পরিবারের সদস্যরা থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/০১০৭ ঘ.