চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা শুরুর প্রথম দিনেই ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগের একাংশের কর্মীরা।
শনিবার থেকে চবি'র নিয়মিত ক্লাশ-পরীক্ষা শুরু হয়েছে। এর আগে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের মধ্যে হামলা পাল্টা হামলার কারণে ১১ দিন বন্ধ ছিল চবি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুরে চবি একাডেমিক ভবনের সামনে ছাত্রলীগ কর্মী তানজীব হোসেনের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করে।
এরা শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন 'একাকার' এর সদস্য বলে জানা গেছে।
তবে মিছিলে বগিভিত্তিক গ্র"পটির কোনো ব্যানার বা প্রতীক ব্যবহার করেনি ছাত্রলীগকর্মীরা।
চবি সহকারী প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আহত তানজিবের সহপাঠিরা তার ওপর হামলার বিচারের দাবিতে মিছিল করেছে।"
ছাত্রলীগকর্মী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইফুল আলম লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তানজিবের ওপর হামলাকারীদের অতিসত্বর গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারাদেশ কার্যকরের দাবিতে আমরা প্রতিবাদ মিছিল করেছি।"
ক্যাম্পাসে নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চবি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিজানুর রহমান।
তিনি বলেন, "ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে এবং শাটল ট্রেনের প্রতিটি বগিতে দুইজন করে পুলিশ মোতায়ন ছিল।"
প্রতিটি আবাসিক হলে পুলিশ পাহারা রয়েছে বলে জানান মিজানুর।
গত ৩০ এপ্রিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট রেলস্টেশনে বগিভিত্তিক গ্র"প 'ড্রিমবয়েজ' ও 'উল্কা'র সদস্যদের হামলায় 'একাকার'-এর সদস্য তানজিব হোসেন গুরুতর আহত হন। তানজিব বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২৯ ও ৩০ এপ্রিল ছাত্রলীগের বগিভিত্তিক পাঁচটি গ্র"পের সংঘর্ষে তিনজন গুরুতরসহ আট ছাত্রলীগকর্মী আহত হন।
এই ঘটনায় চবি প্রশাসন ১ মে সিন্ডিকেটের এক জরুরি সভায় ১১ শিক্ষার্থীকে নানা মেয়াদে বহিষ্কার এবং ২ মে থেকে ১২ মে পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। নিষিদ্ধ করা হয় বগিভিত্তিক গ্র"পের সব কার্যক্রম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৯২৯ ঘ.
bdnews24