চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তিন পার্বত্য জেলার দুটিতে উত্তীর্ণের হার বাড়লেও গড় হার কমেছে।
এবার বান্দরবান ও খাগড়াছড়িতে উত্তীর্ণের হার বেড়েছে। তবে ৩ দশমিক ৩৪ শতাংশ কমেছে রাঙামাটিতে। ফলে তিনজেলায় গড় উত্তীর্ণের হার দশমিক ০৭ শতাংশ কমেছে।
এ বছর তিন পাবর্ত্য জেলায় গড় উত্তীর্ণের হার ৬২ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে বান্দরান জেলায় ৬৬ দশমিক ০৯ শতাংশ, খাগড়াছড়িতে ৫৩ দশমিক ৩৭ শতাংশ ও রাঙামাটিতে ৬৬ দশমিক ৯৬ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, মহানগর ও জেলায় উত্তীর্ণের হার বেড়েছে। মহানগরীতে উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৭৮ শতাংশ। গতবার ছিলো ৮২ দশমিক ৬৯।
মহানগরী ছাড়া জেলায় পাসের হার ৭৭ দশমিক ৫৩ শতাংশ। গতবার ছিলো ৬৮ দশমিক ৯৩ শতাংশ।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/সিএম/এমসি/এএল/১৮০২ ঘ.
bdnews24