চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি শাটল ট্রেনে বগি ভিত্তিক সংগঠনের নামে লেখা দেয়াললিখন মুছে ফেলা হচ্ছে।
বুধবার সকাল থেকে চবি প্রশাসনের তত্ত্বাবধানে দেয়াললিখন মোছার কাজ শুরু হয়। ১৩ মে'র মধ্যে এ কাজ শেষ হবে।
বিশ্বদ্যিালয়ের প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার চবি প্রশাসনের সঙ্গে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্র্তৃপক্ষের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরো বলেন, সাধারণত রেলওয়ে কর্তৃপক্ষ নিয়মিতভাবে শাটল ট্রেন দুটি রং করে থাকে। কিন্তু বগি ভিত্তিক সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত হওয়ায় চবি এবার নিজ খরচে এ কাজ করছে।
নগরী থেকে ২২ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াতের জন্য চবি'র প্রায় ১৯ হাজার শিক্ষার্থী এ দুটি শাটল ট্রেন ব্যবহার করেন।
নয় বগিবিশিষ্ট শাটল ট্রেন দুটি প্রতিদিন সাত বার করে আসা- যাওয়া করে।
গত ২৯ ও ৩০ এপ্রিল শাটল ট্রেনের বাগি ভিত্তিক পাঁচ সংগঠনের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় ৮ শিক্ষার্থী আহত হন।
এরপর সিণ্ডিকেটের বিশেষ জরুরি সভায় ১২ মে পর্যন্ত চবি'র সব ক্লাশ-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। নিষিদ্ধ করা হয় বগিভিত্তিক সংগঠনের সব ধরনের কার্যক্রম।
বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয় ১১ জন শিক্ষার্থীকে। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
১৪ মে থেকে আবার চবি'র ক্লাশ-পরীক্ষা শুরু হবে। কর্র্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন থেকে শাটল ট্রেনের প্রতি বগিতে দুই জন পুলিশ ও একজন করে শিক্ষক থাকবেন।
সাইদুল ইসলাম জানান, বগি সংকট নিরসনে প্রতি ট্রেনে দুটি করে বগি বাড়ানোর সিদ্ধান্ত আগামী ১৪ মে থেকে বাস্তবায়ন করা হবে।
চবি'র সাবেক প্রক্টর ও ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়ন্সেস'র অধ্যাপক ড. জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছিল বগিগুলো। কিন্তু বিভিন্ন সংগঠনের দেয়ালচিত্রের কারণে কিছুদিনের মধ্যে সেই সৌন্দর্য হারিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24