কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি পদ নিয়ে দুই শিক্ষকের হয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীরা। ফলে তিন দিন ধরে কলেজে ক্লাস হচ্ছে না।
কলেজের উপাধ্যক্ষ পদটি নিয়ে অসন্তোষের সূত্রপাত। এতদিন উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসা কলেজের প্যাথলজি বিভাগের প্রধান সামিউল ইসলাম সাদীতে গত ৪ মে অব্যাহতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিবর্তে ওই পদে নিয়োগ দেওয়া হয় কলেজের অধ্যাপক মাহবুব হোসেন মেহেদীকে।
বৃহস্পতিবার ওই সিদ্ধান্তের পরপরই এর বিরোধিতা করে ক্লাস বন্ধ রেখে আন্দোলনে নামে ছাত্রলীগের একটি অংশ, তবে সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে।
তারপর কয়েকদিন ক্লাস বন্ধ রেখে মিছিল-সমাবেশ চালিয়ে আসছিলো তারা। তাদের দাবি, অধ্যাপক সাদীকে পদে ফেরাতে হবে।
অন্যদিকে সোমবার থেকে মিছিল-সমাবেশ শুরু করেছে ছাত্রলীগের অন্য একটি অংশ, তারাও সাধারণ ছাত্র-ছাত্রী ব্যানারে। তাদের দাবি, ক্লাস আটকে এ আন্দোলন বন্ধ করতে হবে। উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মেহেদীকে মেনে নিচ্ছে তারা।
অধ্যাপক মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী তিনি ওই পদে যোগ দিয়েছেন। "আর দায়িত্ব নেওয়ার সময় অধ্যাপক সাদী আমাকে অভিনন্দনও জানিয়েছিলেন", বলেন তিনি।
কিন্তু অধ্যাপক সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (মেহেদী) দায়িত্ব নেওয়ার সময় আমি ছিলাম না। আমার অগোচরে এটা করা হয়েছে, যা আমার কাছে অপমানজনক।"
দুই শিক্ষকের রেশারেশি নিয়ে আন্দোলনে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
৩৬তম ব্যাচের ছাত্রী মল্লিকা ইতি রুনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া নিয়ে এভাবে ক্লাস বন্ধ রেখে অন্দোলন সত্যিই অবাক করেছে আমাদের।"
"উপাধ্যক্ষ পদের জন্য কাউকে তো বেতন বেশি দেওয়া হয় না, তাহলে এ পদের জন্য স্যারেরা এত লালায়িত কেন", প্রশ্ন করেন তিনি।
নতুন উপাধ্যক্ষ মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন মুক্তিযোদ্ধা হিসেনে চাকরি জীবনের ক্লান্তিলগ্নে অধ্যাপক হতে চেয়েছি। মন্ত্রণালয় আমাকে উপাধ্যক্ষের দায়িত্ব দিয়েছে। এ জন্য আমাকে অতিরিক্ত টাকা দেবে না। উপাধ্যক্ষ পদটি থাকলে সম্মানটা একটু বেশি হয়।"
৩৪তম ব্যাচের ছাত্র জিএম আরিফ বলেন, "আন্দোলনের ফলে যে ক্লাসগুলো হলো না, তার ক্ষতি পূরণ হবে কীভাবে?"
"কোনদিন স্যারেরা কোন ক্লাসে কী পড়াবেন, তা আগে থেকেই নির্ধারিত। ফলে এ সব ক্লাসের বিষয়বস্তু আমরা আর শিখতে পারবো না", বলেন তিনি।
অধ্যাপক সাদীকে অব্যাহতির প্রতিবাদে আন্দোলনকারীরা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা অধ্যক্ষ এমএ আজহারকেও অপমানিত করে বলে এক ছাত্র জানান। "এ দুঃখে স্যার পদত্যাগও করতে চেয়েছিলেন। কিন্তু ছাত্রলীগের আরেক অংশের আশ্বাসে তিনি (অধ্যক্ষ) পদত্যাগ করেননি", বলেন রনি নামে ওই ছাত্র।
ক্লাস বন্ধ রেখে আন্দোলনে নিজেদের ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেন আন্দোলনকারী ৩৫তম ব্যাচের ছাত্র আমিনুর রহমান অপু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে এর একটা সুন্দর সমাধান প্রয়োজন।"
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
তবে তিনি কোনো পক্ষে অবস্থান না নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক জন উপাধ্যক্ষকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তাকে জানিয়েই করা উচিত। তবে সাদীর ক্ষেত্রে তা হয়েছে কি না, কিনা আমার জানা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24