ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এক ছাত্রকে পিটিয়ে আহসানউল্লাহ হলের দ্বিতীয় তলা থেকে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে এ ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (পুরাতন) ছাত্র জয় প্রকাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের কমিটি নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে আহসানউল্লাহ হলে জয় প্রকাশের সঙ্গে অপর পক্ষের কয়েকজন কর্মীর কথাকাটাকাটি হয়।
এরপর বুধবার বিকেলে জয়প্রকাশ আহসানউল্লাহ হলে গেলে ২০০৬ ব্যাচের ছাত্র মোকাম্মেল হোসেনের নেতৃত্বে রানা, লিমন ও তন্ময়সহ কয়েকজন জয় প্রকাশ ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাঁধলে এক পর্যায়ে জয়কে দ্বিতীয় তলা থেকে ফেলে দেয় প্রতিপক্ষের কর্মীরা।
এ সময় সিয়াম ও মৃদুল নামের অন্য দুই ছাত্রও আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষের সময় জয় প্রকাশ দোতলা থেকে লাফ দেয় বলে শুনেছি। তাকে ঢাকা মেডিকেলে ভার্তি করা হয়েছে।"
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জয় প্রকাশকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং সে চোয়ালে চোট পেয়েছে।
ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেটি/জেকে/২৩৪১ ঘ.
bdnews24