কুমিল্লা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে এক ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভুইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বাংলা বিভাগের ছাত্র নুরুল আমিন সবুজকে বহিষ্কারের কথা বলা হয়।
আদেশে নুরুল আমিনের বিশ্ববিদ্যালয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভুইয়া বলেন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও আচরণবিধি পরিপন্থী কাজ এবং নারী নির্যাতনমূলক অপরাধ করায় নুরুল আমিন সবুজকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকায় তার প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে, বলেন তিনি।
২০০৯-২০১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ছাত্র নুরুল আমিন সবুজ দীর্ঘদিন ধরে একই বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।
গত ১৩ এপ্রিল ক্যাম্পাসে সবুজ ওই ছাত্রীর পথরোধ করলে দু'জনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ তাকে মারধর এবং ছুরিকাঘাত করে। পরে শিক্ষার্থী ও শিক্ষককরা এগিয়ে এলে সবুজ পালিয়ে যায়।
পরে ওই ছাত্রী বাংলা বিভাগের চেয়ারম্যান জি. এম. মনিরুজ্জামানের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
এ ঘটনা তদন্তে প্রক্টর সায়াদুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশে গত ২৩ এপ্রিল সিন্ডিকেট সভায় সবুজকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.
bdnews24