তাবারুল হক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চবি প্রতিনিধি
চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ বীরকন্যা প্রীতিলতার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি ছাত্রীনিবাস থাকলেও তার জন্ম শতবার্ষিকীতেই কোনো কর্মসূচি নেয়নি কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হলের আবাসিক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, জন্ম শতবর্ষে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের নানা দিক তুলে ধরার মাধ্যমে সমাজে নারীর কর্তব্য ও অধিকার তুলে ধরা যেত।
চবিতে ১৯৯৭ সালে প্রীতিলতার স্মৃতি রক্ষার্থে তার নামে একটি ছাত্রী হল নির্মাণ করা হয়। কিন্তু প্রীতিলতা স্মরণে চবিতে কোনো দিন পালিত হয়নি তার জন্ম বা মৃত্যু দিবস।
মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী প্রীতিলতার জন্মশত বার্ষিকী বৃহস্পতিবার (৫ মে)।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রীতিলতা হলের আবাসিক এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ অনেক দিবস ও ব্যক্তিকে স্মরণে সবসময় অবহেলা করে থাকে। এটি ঠিক না।"
"ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে নারী জাগরণে যে অবদান প্রীতিলতা রেখে গেছেন তা বর্তমানে অনেকরই অজানা", বললেন আরেক শিক্ষার্থী সোনিয়া আক্তার।
এ ব্যাপারে প্রীতিলতা হলেন প্রভোস্ট এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্লাস-পরীক্ষা অনির্ধারিত সময়ে বন্ধ ঘোষণা করায় হলের বেশিরভাগ ছাত্রী চলে গেছে। তাই প্রীতিলতা স্মরণে কোনো অনুষ্ঠান আপাতত করা যাচ্ছে না।"
তবে জন্ম বার্ষিকীতে হাউজ টিউটরদেরকে নিয়ে ছোট পরিসরে তাকে স্মরণ করা হবে বলে জানান তিনি।
এক বছর আগেও হলের ছাত্রীরা 'প্রীতিলতা' কে তা জানতো না- উল্লেখ করে কামরুল হুদা বলেন, "আমি হলের দায়িত্ব নেওয়ার পর এই বীরকন্যার বীরত্বগাঁথা ছাত্রীদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।"
চবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কোনো দিনই প্রীতিলতার স্মরণে কোন অনুষ্ঠান করেনি। শিক্ষার্থীদের উদ্যোগে একবার ছোট করে প্রীতিলতার জন্ম বার্ষিকী পালন করা হয়েছিলো।"
একই মত বাংলাদেশ ছাত্র ফেডারেশন চবি শাখা'র সাধারণ সম্পাদক শাহরিন ফেরদৌসির।
মাস্টারদা সূর্যসেনের সিদ্ধান্তে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী 'ইউরোপিয়ান ক্লাব' ধ্বংস করতে প্রীতিলতা নেতৃত্ব দিয়েছিলেন।
আট বিপ্লবী ওই অভিযানে অংশ নিয়ে ৫৩ জন ইংরেজকে হতাহত করেন। ওই অভিযান পরিচালনা করতে গিয়ে আহত প্রীতিলতা ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে 'পটাশিয়াম সায়ানাইড' খেয়ে আত্মাহুতি দেন।
প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা জগৎবন্ধু তৎকালীন মিউনিসিপ্যাল কার্যালয়ের কর্মরত ছিলেন এবং মা প্রতিভাময়ী সাধারণ বাংলা মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছিলেন।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই অগ্রসেনানী চট্টগ্রামের ডা. খাস্তগীর স্কুল, ঢাকার ইডেন কলেজ ও কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন। প্রীতিলতা চট্টগ্রামের অর্পনাচরণ (নন্দনকানন স্কুল) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবেও শিক্ষকতা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২০১৬ ঘ.
bdnews24