ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সমিতির এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব আব্দুর রাজ্জাক বলেন, "গত বছরে ৮ এপ্রিল প্রধানমন্ত্রী কুষ্টিয়ার শিলাইদহে শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছিলেন। আমরা এ ঘোষণার দ্রুত বাস্তবায়ন কামনা করছি।
সমিতির উপদেষ্টা অধ্যাপক আবুল বারাকাত বলেন, "১৯৭২ সালে কলকাতার আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেছিলেন শিলাইদহে দ্বিতীয় শান্তিনিকেতন স্থাপন করা হবে। আমরা বঙ্গবন্ধুর ওই ঘোষণার বাস্তবায়ন চাই।"
বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হওয়ায় স্বাভাবিক দাবিতেই কুষ্টিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
রবীন্দ্রনাথের শিলাইদহ প্রীতির কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, "তিনি নিজেই শিলাইদহকে তার জীবন ও কর্মের তীর্থস্থান হিসেবে উল্লেখ করে বলেছেন- আমার যৌবন ও প্রৌঢ় বয়সের তীর্থস্থান পদ্মা-প্রবাহ চুম্বিত শিলাইদহ পল্লী।"
গীতাঞ্জলীর বেশকিছু গানসহ রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উল্লেখযোগ্য রচনা শিলাইদহে হয়েছে। বাংলাদেশের জাতীয় সংগীতও তিনি শিলাইদহে বসে লিখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৮০৮ ঘ.
bdnews24