দিনাজপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের ধর্মঘট চলছে।
সোমবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের কক্ষগুলো তারা পাঁচঘণ্টা তালাবন্ধ করে রেখেছিল বলে জানান হাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল।
বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু হয়।
ওইদিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ছাত্রলীগ ধর্মঘট অব্যাহত রাখে।
ইফতেখারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক ফাহিমা খানমের দুর্নীতির তদন্ত এবং বিএনপি-জামায়াতের ডাকা হরতালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের কাছে দাবি জানানো হয়েছিলো।
কিন্তু কর্তৃপক্ষ তা না করে পরোক্ষভাবে অভিযুক্তদের পক্ষে অবস্থান নেওয়ায় ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট শুরু করেছে।
তবে দুপর ২টার দিকে প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইফতেখারুল ইসলাম রিয়েল।
তবে উপাচার্যের পদত্যাগের দাবিতে ধর্মঘট চলবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. বলরাম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেওয়ার পর আন্দোলনকারী ছাত্ররা প্রশাসনিক ভবনের কক্ষগুলোতে তালা লাগিয়েছে।
ভেতরে তারা কাজ করেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.
bdnews24