২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সেই ৯ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ে থেকে বহিষ্কার

সংগঠন থেকে বহিষ্কারের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সরকার সমর্থক ছাত্রলীগের মুহসীন হল শাখার নয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠন থেকে বহিষ্কারের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সরকার সমর্থক ছাত্রলীগের মুহসীন হল শাখার নয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃতরা হলেন- মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র শেখ মুহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুহাম্মদ মহিউদ্দীন, সমাজকল্যাণের আমিনুল ইসলাম সোহাগ, আইন বিভাগের ছাত্র মাইনুল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের আবুবকর সিদ্দিকী রাহাত, ফিন্যান্স বিভাগের ছাত্র মিনহাজ উদ্দীন সোহাগ, সংস্কৃতি বিভাগের ছাত্র হান্নান তালুকদার, লোক প্রশাসন তৃতীয় বষের্র মেহেদী ও আরবী বিভাগের মিজানুর রহমান। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এদেরকে মঙ্গলবার ঢাবি শাখা ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়। প্রক্টর বলেন, "তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না তার কারণ জানাতে নির্দেশ দেওয়া হবে।" মঙ্গলবার ভোরে মুহসীন হলের মধ্যে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও অন্তত ৩৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। এতে আহত হয় অর্ধশতাধিক। সংঘর্ষের পর হলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল এবং কয়েকটি রামদা, রড ও লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/২০৩৭ ঘ.