ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব মানুষের দোরগোড়ায় সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়কে সরকার গবেষণা সহায়তা দেবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরকারের কার্যক্রমের অংশ হিসেবে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, দেশের মানুষের জন্য সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাজ পরিচালনা জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রকে ইতিমধ্যেই ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, "সৌর শক্তির সম্ভাবনা অনেক থাকা সত্ত্বেও পর্যাপ্ত প্রযুক্তির অভাবে সহজে তা মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না।"
অনুষ্ঠানে নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের 'নবায়নযোগ্য শক্তি এবং এর ব্যবহার' শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক রেজাউল করিম মজুমদার, কোর্স সমন্বয়ক অধ্যাপক সাইফুল হক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৯১৭ ঘ.
bdnews24