ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী কামরুন নাহার নাদিয়াকে তার স্বামীই হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাদিয়ার স্বামী শিকদার শফিকুর রহমান ওরফে রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত তদন্তে নিশ্চিত হওয়া গেছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সোমবার শফিকুরকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকার একটি প্রাইভেট কার থেকে নাদিয়ার লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। সেখান থেকেই শফিকুরকে গ্রেপ্তার করা হয়।
ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শফিকুরের গাড়ি চালক রবিউলকে এই মামলার সাক্ষী করা হয়েছে। সে অনেক তথ্য দিয়েছে।
এ দিকে পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নাদিয়ার মাথার বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দিয়ে লালার সঙ্গে রক্ত ঝরার চিহ্নও পাওয়া গেছে। বুক, দুই হাতে, পিঠ, কোমর ও পায়ের গোড়ালিতেও জখমের চিহ্ন রয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, হাজারীবাগের যে বাসায় শফিকুরের মা ও ভাই থাকে- সেই বাসা থেকেই নাদিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় বের করা হয় রোববার। নাদিয়া কীভাবে সংজ্ঞা হারালেন সে ব্যাপারে শফিকুরের মা ও ভাই হয়তো তথ্য দিতে পারবেন।
"শুধু শফিকুর নয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত থাকার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না। শফিকুরের মা ও ভাইকেও জিজ্ঞাসাবাদ করা হবে।"
ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে মন্তব্য করেন ওসি রফিক।
রোববার লাশ উদ্ধারের পর রাতে শাহবাগ থানার ওসি জানিয়েছিলেন, হাজারীবাগে মায়ের বাসা থেকে সংজ্ঞাহীন নাদিয়াকে নিয়ে শফিকুর তার প্রাইভেট কারে চড়ে বের হন। সাত মসজিদ সড়কে এসে নাদিয়াকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য চালককে নির্দেশ দেন তিনি। আর ব্যাংক থেকে টাকা তোলার নাম করে নিজে গাড়ি থেকে নেমে পড়েন।
দুপুরের পর শফিকুর চালকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, নাদিয়া মারা গেছেন। ওই অবস্থায় চালক রবিউলকে লাশ নিয়ে বরিশালে যেতে বলেন তিনি। রওনা হওয়ার পর শফিককে রাস্তা থেকে তুলে নেন রবিউল।
কিন্তু মাওয়া পৌঁছানোর পর রবিউল বরিশাল যেতে রাজি না হওয়ায় নাদিয়ার ভাই শাহরিয়ার সিরাজ সুজনের সঙ্গে যোগাযোগ করে আবার ঢাকার পথে রওনা হন শফিক। সুজন তাকে সড়ক ভবনের সামনে আসতে বলে পুলিশে খবর দেন। রাতে সেখান থেকেই গাড়ির ভেতরে নাদিয়ার লাশ পায় পুলিশ। একই সময়ে গ্রেপ্তার করা হয় শফিকুরকে।
সোমবার বিকালে ময়না তদন্ত শেষে নাদিয়ার মৃতদেহ মধ্য বাসাবো এলাকায় সুজনের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে নাদিয়াকে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/২০১৭ ঘ.
bdnews24