ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলার ঘটনায় নির্যাতন করে এক ছাত্রলীগ নেতার স্বীকারোক্তি আদায়ের মামলায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হেেছ তারা হলেন- রমনা থানার তৎকালীন ওসি মাহবুবুর রহমান, একই থানার উপ-পরিদর্শক রেজাউল করিম, নাসের আলী ও সার্জেন্ট আনোয়ার হোসেন।
অভিযোগ গঠনের সময় তারা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ আদেশ দেন। একইসঙ্গে ওই চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এদের মধ্যে মাহবুব অন্য ঘটনায় সাময়িক বরখাস্ত রয়েছেন। এছাড়া রেজাউল কর্মরত রয়েছেন পাবনা সদর কোর্টে, নাসের বিশেষ পুলিশ বিভাগে (স্পেশাল ব্রাঞ্চ) শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় এবং সার্জেন্ট আনোয়ার রয়েছেন র্যাবের প্রধান কার্যালয়ে।
এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ জুলাই দিন রেখেছেন বিচারক।
বাদির আইনজীবী মো. আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা হাইকোর্টের জামিনের আদেশের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।
গত বছরের ২৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়ার আগ পর্যন্ত আসামিদের জামিন দেয় হাইকোর্ট।
২২ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম মো. মেহেদী হাসান তালুকদার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক হুমায়ুন আজাদ একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন। পরের দিন এ হামলার প্রতিবাদে মো. আবু আব্বাস ভূইয়ার নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল শহীদ মিনারে পৌঁছলে অভিযুক্তরা ছাত্রলীগ নেতা মো. আব্বাস ভূঁইয়াকে গ্রেপ্তার করে। পরে মারধর ও নির্যাতন করে হুমায়ুন আজাদের ওপর হামলাকারী হিসাবে তার স্বীকারোক্তি আদায় করা হয়।
গ্রেপ্তারের ১৪ দিন পর আব্বাস জামিন পান।
এ ঘটনায় ২০০৮ সনের ৫ মার্চ জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন আব্বাস। একই বছরের ১ জুন মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত প্রতিবেদনে মামলাটি মিথ্যা হিসাবে উল্লেখ করে। এরপর ২৩ জুলাই আব্বাস এ প্রতিবেদনের ওপর আদালতে নারাজি আবেদন করেন। এ প্রেক্ষিতে মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়।
তদন্ত শেষে সিআইডির পরিদর্শক এহসান উদ্দিন চৌধুরী গত বছরের ১৯ অগাস্ট আব্বাস নির্দোষ এবং পুলিশে কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা আব্বাসের মামলা সঠিক বলে প্রতিবেদন দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24