সিলেট, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কয়েকটি মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ প্রক্রিয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি।
শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের নবীণবরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকার উচ্চশিক্ষাকে বিশ্বমানের করতে পরিকল্পনা মতো কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এর আলোকে দেশের মেডিকেল শিক্ষাকে আরো মানসম্মত ও প্রসারিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে সব বৈষম্য দূর করে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে নতুন প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য, বলেন তিনি।
চিকিৎসাসেবা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার উল্লেখ করে মন্ত্রী জনগণের এ অধিকার নিশ্চিত করতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
দেশের সুষম অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ের সমান সুযোগ নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সব প্রতিকূলতা দূর করে তাদের এগিয়ে নিতে সরকার খুবই আন্তরিক।
নাহিদ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসুল আহমদ চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শওকত আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০১৮ ঘ.
bdnews24