নাটোর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি নিয়ে কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে নাটোরের একটি বিদ্যালয়ে সব নারী শিক্ষক হওয়ায় এক দল গ্রামবাসী আপত্তি তুলেছে। আর এর মধ্যেই রাতে ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষের তালাগুলো নষ্ট করে দেওয়া হয়, যাতে বিপত্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের।
সিংড়া উপজেলার চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোববার সকালে ওই বিদ্যালয় পরিদর্শন করেছেন। গ্রামবাসীর সঙ্গে কথাও বলেছেন তিনি।
চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষকের সবাই নারী। একমাত্র পুরুষ শিক্ষক যিনি ছিলেন, তাকে কয়েকদিন আগে বদলি করা হয়। তার স্থলে যিনি এসেছেন তিনিও নারী। এতে এলাকার অনেকে আপত্তি তোলেন বলে স্থানীয়রা জানায়।
শুক্রবার রাতে ওই বিদ্যালয় ভবনে সবকটি তালা নষ্ট এবং ভাংচুর করা হয়। প্রধান শিক্ষক অপর্ণা রাণী শনিবার সকালে বিদ্যালয়ে এসে কোনো তালাই খুলতে পারেননি। বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা চলতে থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়ে।
খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল বারী এবং সিংড়া থানার ওসি বিদ্যালয়ে যান। তাদের উপস্থিতিতে তালাগুলো খোলা হয়। ওই এসময় এলাকার একদল লোকও বিদ্যালয়ে এসে পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি তুলে ধরেন।
এলাকাবাসীর অভিযোগ, নারী শিক্ষকরা তাদের সন্তান নিয়ে বিদ্যালয়ে আসেন। তারা নিজেদের সন্তানদের দেখভালে ব্যস্ত থাকেন। তাই তারা যথাযথভাবে পাঠদান করতে করতে পারেন না।
ভারপ্রাপ্ত ইউএনও তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন।
রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটন করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী পুরুষ শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে। এ ক্ষোভ থেকেও এ ঘটনা ঘটতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমআই/১৬১০ ঘ.
bdnews24