টাঙ্গাইল, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'টেকনোলজি ফর নেক্সট জেনারেশন' শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য প্রযুক্তি উৎসব।
বুধবার বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান উৎসবের উদ্বোধন করেন।
উৎসব উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, সাইবার গেম, সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ ও সোসাইটি অব আইসিটি যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নবনির্মিত একটি সাইবার পয়েন্ট উন্মুক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. মনিরুজ্জামান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মো. মাহবুব আলম, বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ লেবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০০ ঘ.
bdnews24