ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাদল অধিকারী নামে এক ব্যক্তি। আটক করা হয় বন্ধু শান্তনু সরকারকেও।
প্রবেশপত্রে ছবি বদল করে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ২০তম ব্যাচে ভর্তি পরীক্ষায় অংশ নেন বাদল অধিকারী।
খাতা স্বাক্ষরের সময় পরিদর্শক মুনিরা সুলতানা প্রতারণার বিষয়টি ধরতে পেরে প্রক্টর কার্যালয়ে খবর দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে বাদলকে আটক করে নিয়ে যান।
পরে কৌশলে তার বন্ধু শান্তনু সরকারকেও ডেকে এনে আটক করে উভয়কে পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমবিএ সান্ধ্যাকালীন কোর্সের ভর্তি পরীক্ষায় বাদল অধিকারী নামের এক শিক্ষার্থী তার বন্ধু শান্তনু সরকারের হয়ে পরীক্ষা দিতে এসেছিলো। উভয়কে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
তাদেরকে আসামী করে শাহবাগ থানায় একটি প্রতারণার মামলা দায়ের হয়েছে বলেও জানান প্রক্টর।
প্রক্টর কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল জানান, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক সম্মান পাস করেছেন। তার বাড়ি যশোরের সাহাপাড়ায়।
অন্যদিকে শান্তনু নিজেকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২৮তম ব্যাচের ছাত্র বলে দাবি করে করেছে। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়।
উভয়ে মোহাম্মদপুরে একই মেসে থাকেন বলেও জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২২৫০ ঘ.
bdnews24