২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত ৩ ছাত্র

নারী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের তিন ছাত্রকে বুধবার রাতে বেধড়ক পিটিয়েছে জহুরুল হক হলের ছাত্রলীগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 05:22 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের তিন ছাত্রকে বুধবার রাতে বেধড়ক পিটিয়েছে জহুরুল হক হলের ছাত্রলীগকর্মীরা। বুধবার রাত ১১টার দিকে এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আলমগীর হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র আকবর হুসাইন এবং ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিনার। এদের মধ্যে আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকবর হুসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১০টার দিকে এফ রহমান হলের সামনে দিয়ে তিন তরুণী হেঁটে যাচ্ছিলেন। এসময় জহুরুল হক হলের তানজীল ভূইয়া তানভীরসহ চার ছাত্রলীগকর্মী তাদের পথরোধ করে উত্ত্যক্ত করলে পাশেই আড্ডারত এফ রহমান হলের শিক্ষার্থী আলমগীর এর প্রতিবাদ করেন।" এতে তানভীর ও বাকি চারজন আলমগীরকে মারধর শুরু করে। এ সময় আলমগীরকে রক্ষায় এগিয়ে আসায় আরো দুজনকে মারধর করে তারা। এক পর্যায়ে তানভীর উপস্থিত শিক্ষার্থীদেরকে গুলি করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন আকবর। আকবর আরো জানান, এরপরে ছাত্রলীগকর্মীরা আলমগীরকে জহুরুল হক হলের ভিতরে নিয়ে আরেক দফা মারধর করে। কিছুক্ষণ পর আহত আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায় এফ রহমান হলের ছাত্ররা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই হলের ছাত্রদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নারী উত্ত্যক্ত করা নিয়ে ঘটনাটি ঘটেছে। এতে তিন ছাত্র আহত হয়েছে। তানভীর ছাত্রলীগের জহুরুল হক হল শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হত্যার হুমকিসহ ক্যাম্পাসের বাইরেও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। প্রক্টর বলেন, "আমাকে হত্যার হুমকির বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উত্ত্যক্তের এই ঘটনায় তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১১১৭ ঘ.