মাসুম বিল্লাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর আর না ফেরায় গত এক বছরে ১৩ শিক্ষককে চাকরিচ্যুত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ সুবিধা নিয়ে এবং এ শিক্ষা প্রতিষ্ঠানের প বিদেশে পড়তে যাওয়ার পর আর ফিরে আসেননি তারা। এ কারণেই এ ব্যবস্থা নিতে হয়েছে।
"এদের অনেকেই ছুটির অতিরিক্ত সময় এবং কেউ কেউ ছুটি ছাড়াই কর্মস্থলের বাইরে অবস্থান করছেন।"
সর্বশেষ গত ৩১ মার্চ সিন্ডিকেটের সভায় দুই শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানান সিন্ডিকেট সদস্য মইনুল হোসেন।
এরা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জাবের সিদ্দিকী এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম।
জাবের সিদ্দিকী ২০০৯ সালের ১৮ আগস্ট থেকে ২০১০ সালের ১৭ আগস্ট পর্যন্ত বিনা বেতনে ছুটি নিয়ে বিদেশে ছিলেন। ওই ছুটি উত্তীর্ণ হওয়ার পর তিনি আরো এক বছরের ছুটির আবেদন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অনুমোদন না করে আট সপ্তাহের মধ্যে তাকে চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেয়। সে অনুযায়ী কাজে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
প্রাণরসায়ন বিভাগের ড. শামসুল আলম বিনা বেতনে এক বছর ছুটিতে বিদেশে থাকার পর ছুটি বাড়ানোর আবেদন করেন। অন্যদিকে কর্তৃপক্ষ তাকে কাজে যোগ দিতে বলে। এরপর তিনি কাজে যোগ না দিয়ে গত ৩ জানুয়ারি পদত্যাগপত্র পাঠান। কিন্তু সিন্ডিকেটের সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব পাওনা (ছুটিতে যাওয়ার আগে ঋণ হিসেবে বিশ্ববদ্যালয় থেকে নেওয়া অর্থ) পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেকশন অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৭ শ' শিক্ষকের মধ্যে আড়াই শ' জনের মতো উচ্চশিক্ষাসহ বিভিন্ন কারণে দীর্ঘমেয়াদী ছুটিতে আছেন।
এর আগে গত ৮ ডিসেম্বর একই কারণে সাত শিক্ষককে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ছুটির অতিরিক্ত সময় কর্মস্থলের বাইরে থাকায় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক রিদওয়ানুল হককে সতর্ক করে দেওয়া হয়।
চাকরিচ্যুত সাত শিক্ষকরা হলেন- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক এ এফ এম মফিজুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মন্ময় জাফর, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ সৈয়দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুুদুর রহমান ভূঁইয়া ও জাহিদ হাসান চৌধুরী।
কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান করায় গতবছরের ২৫ এপ্রিল চাকরিচ্যুত করা হয় আরো চার শিক্ষককে।
এই চারজন হলেন অধ্যাপক এম এরশাদুল বারী (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান, বাংলা বিভাগের মো. আমিনুর রহমান ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ড. মো. হামিদ উদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আনোয়ার হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উচ্চ শিক্ষা ও শিক্ষা ছুটিসহ সর্বোচ্চ ছয় বছর কর্মস্থলের বাইরে বা বিদেশে থাকতে পারেন।
"তারা বিদেশ যাওয়ার আগে জনগণের টাকায় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন। কিন্তু পরে উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে ভাল সুযোগ সুবিধা পেলে আর দেশে ফিরে আসেন না। এতে শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়।"
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "শিক্ষার্থীদের স্বার্থে জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ বিষয়গুলো শিখে আসার জন্য শিক্ষকদের বিদেশে পাঠানো হয়। শিক্ষা ছুটি চলাকালীন সময়ে তাদের বেতন ভাতাসহ প্রাপ্য সব সুযোগ সুবিধাই দেওয়া হয়। তারা ফিরে না আসলে আমাদের ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হয়। এটা খুবই দুঃখজনক।"
কোনো শিক্ষক বেশি বেতনের আশায় বিদেশে থেকে যেতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাতে আপত্তি নেই জানিয়ে অধ্যাপক সিদ্দিক বলেন, "তবে তাদের উচিৎ চাকরি ছেড়ে দেওয়া। তাহলে তাদের জায়গায় অন্য শিক্ষক নিয়োগ দেওয়া যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩৬ ঘ.
bdnews24