২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা: নাটোরে ভুল প্রশ্নপত্র

নাটোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে একশ'রও বেশি পরীক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

নাটোর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- নাটোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে একশ'রও বেশি পরীক্ষার্থী। মঙ্গলবার অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক বাংলা প্রথমপত্রের পরীক্ষায় নাটোর এনএস সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এই কেন্দ্রের ১০৩ ও ২০৩ নম্বর কক্ষে চলতি পাঠক্রমের বদলে ২০০৮ সালের পাঠক্রমের প্রশ্নপত্র দেওয়া হয়। তবে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, আবশ্যিক বাংলা প্রথমপত্র পরীক্ষায় একাডেমিক ভবনের ১০৩ ও ২০৩ নম্বর কক্ষে ২০০৮ সালের পাঠক্রমের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা চলাকালে বিষয়টি কেউ বুঝতে পারেননি। অনেকে কিছু কিছু প্রশ্নের উত্তর লিখতে ব্যর্থ হন। পরীক্ষা শেষে অন্য কক্ষের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেখে তারা বিষয়টি জানতে পারেন। ১০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী নূরুল আলম, রবিউল ইসলাম ও আকলিমা খাতুন বলেন, প্রথম পরীক্ষা হওয়ায় তারা টেনশনে ছিলেন। তাই বুঝতে পারেননি। পরীক্ষার হল থেকে বের হয়ে দেখেন অন্যদের প্রশ্ন আরেক রকম। ওই প্রশ্ন পেলে তারা সবকটি প্রশ্নের উত্তর লিখতে পারতেন বলে দাবি করেন। সিলেবাসের সঙ্গে মিল না থাকায় তারা দু'টি প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে জানান। তারা কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার দাবি করেন। এনএস সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, ভুলে পুরনো পাঠক্রমের প্রশ্ন দেওয়া হলেও পরীক্ষার্থীর কোনো অসুবিধা হবে না। কারণ দুই প্রশ্নপত্রের মধ্যে অনেক মিল রয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হওয়ায় বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। "পরীক্ষার্থীরা যে প্রশ্নে উত্তর দিয়েছে সেই প্রশ্ন অনুসারেই উত্তর মূল্যায়ন করা হবে," বলেন তিনি। রাজশাহী শিক্ষা বোর্ডের (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হোরাইরা বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকমকে বলেন, প্রশ্নপত্র পাওয়ার পরপরই পরীক্ষার্থীদের উচিত ছিল বিষয়টি কক্ষ পরিদর্শকদের জানানো। তবে এ কারণে কাউকে অকৃতকার্য করা হবে না। উত্তর সঠিক হলে অবশ্যই নম্বর দেওয়া হবে। কয়েকটি প্রশ্নের উত্তর দিতে না পারার ব্যাপারে তিনি বলেন, এটা দুঃখজনক। তবে সবাই ভাল পরীক্ষা দিয়েছে। দুই প্রশ্নের মধ্যে অনেক মিল রয়েছে। বিষয়টির জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী নয়। এ ধরনের অভিযোগ বোর্ডের আর কোনো কেন্দ্র থেকে আসেনি বলেও জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.