২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা শুরু

মোট ৭ লাখ ৭৯ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 04:11 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোট ৭ লাখ ৭৯ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এ পাবলিক পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইতোপূর্বে জানিয়েছেন। আগামী ৩১ মে আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে অংশ নিচ্ছে ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার ১২ জন ছাত্র এবং ২ লাখ ৯৯ হাজার ৬০৭ জন ছাত্রী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৭৬ হাজার ৯৫৭ জন। এ বোর্ডে ছাত্র সংখ্যা ৪৪ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯৮৪ জন। কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৮ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র এবং ২২ হাজার ১৮২ জন ছাত্রী। ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯০৪ জন। দেশের পাশাপাশি বিদেশেও পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা হচ্ছে। এগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ১৯১ জন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতময় লিবিয়ার কেন্দ্রে নয় জন পরীক্ষার্থীর প্রশ্ন ও উত্তরপত্র গত ৩১ মার্চ পাঠানো হয়েছে। লিবিয়ার পাঁচ জন পরীক্ষার্থী এরই মধ্যে ঢাকা এসেছে। তারা পরীক্ষা দেবে ঢাকা কলেজ কেন্দ্রে। শিক্ষামন্ত্রী রোববার এক সংবাদ সম্মেলনে জানান, পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ সচিব এবং বিভাগীয় কমিশনারদের অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১০১০ ঘ.