২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগ ওঠায় ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্সি বিভাগের এক শিক্ষককে বিভাগের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্সি বিভাগের এক শিক্ষককে বিভাগের সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার ফার্সি বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। অভিযুক্ত শিক্ষক বিভাগের সহযোগী অধ্যাপক আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। সভা শেষে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মুহসীন উদ্দিন মিয়া সাংবাদিকদের বলেন, "নিপীড়নের অভিযোগকারী ছাত্রী ও বিভাগের শিক্ষার্থীদের দাবিতে আরিফকে বিভাগের ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।" সভায় অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুহসীন উদ্দিন বলেন, "ওই শিক্ষকের বিরুদ্ধে অতীতে এ রকম আরো অনেক মৌখিক অভিযোগ পেয়েছি। কিন্তু লিখিত আবেদন না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এবার লিখিত আবেদন পেয়ে আমরা বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিয়েছি।" এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি আরিফ বিল্লাহ। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রথম সিমেস্টারের এক ছাত্রী গত মঙ্গলবার ক্লাসে পড়া না বোঝায় আরেক ছাত্রীসহ আরিফের কক্ষে যান। সেখানে তিনি এক ছাত্রীর সামনেই অপর ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা আলাদা দুটি অভিযোগ জমা দেয় একাডেমিক কমিটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬১০ ঘ.