রাজশাহী, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সরকারি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সংঘাতে পণ্ড হয়ে গেছে। আর এ জন্য অভিযোগ উঠেছে সরকার সমর্থক ছাত্রলীগের বিরুদ্ধে।
কলেজের ১৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবের দ্বিতীয় দিন ছিলো শনিবার। দুপুরে শোভাযাত্রার পরপরই ভাংচুর শুরু হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের শোভাযাত্রা বের হয়। এতে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের অংশ না নিতে দেওয়ায় তারা বিক্ষোভ করে।
এক পর্যায়ে ছাত্রলীগের নেতা তৌহিদুর রহমান কিটুর নেতৃত্বে একদল শিক্ষার্থী কলেজের প্রশাসন ভবনের নিচের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাংচুর এবং তাতে আগুন ধরিয়ে দেয় বলে ছাত্ররা জানায়।
ওই সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন আলোকচিত্র সাংবাদিকরা। এতে পাঁচ জন আহত হন। এক সাংবাদিকের মটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা রাজশাহী কলেজের সামনে শহরের প্রধান সড়ক কিছু সময় অবরোধ করে রাখে। ওই সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সোয়া ১টার দিকে সাংবাদিকরা অবরোধ তুলে নেন।
পরে নগর ভবনে মেয়রের নেতৃত্বে একটি বৈঠক হয়। এতে রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী কলেজের অধ্যক্ষ আলী রেজা আবদুল মজিদ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24