রাজশাহী, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিগগিরই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে এক পর্যলোচনা সভা শেষে রুয়েট উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তবে কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে সুনির্দিষ্ট করে তা বলা হয়নি।
রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে রুয়েটের শিক্ষক-কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় এ পর্যলোচনা সভায় অংশ নেন।
স্থানীয় অগ্রণী স্কুল এন্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর পায়ে সেন্ডেল নিয়ে রুয়েট শহীদ মিনারের বেদিতে উঠাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর এক মাসেরও বেশি সময় ধরে রুয়েট বন্ধ রয়েছে।
গত ২৩ ফেব্র"য়ারি কলেজের ছাত্ররা সেন্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে উঠলে রুয়েট ছাত্ররা প্রতিবাদ জানায়।
এতে রুয়েট ছাত্রদের সঙ্গে অগ্রণী কলেজের ছাত্র এবং স্থানীয়দের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
রুয়েট ছাত্ররা কলেজটির আসবাবপত্র ভাংচুর ও তাতে অগ্নিসংযোগ করে।
ওই দিনই রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কলেজটিকে রুয়েট প্রশাসন লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর গত শনিবার থেকে সেখানে ক্লাস শুরু হয়েছে।
তবে এলাকাবাসীর সাথে রুয়েট ছাত্রদের আবারো সংঘর্ষের আশঙ্কায় রুয়েট খোলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৩১৭ ঘ.
bdnews24