২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদল-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচজন আহত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ফেব্র"য়ারি মাসে ছাত্রদল কর্মী আহসানুজ্জামান অলিন ছুরিকাহত হওয়ায় ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের পুরাতন ফোকলোর চত্বরে পৌঁছলে ছাত্রলীগ তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ছাত্রদল কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অবস্থান নিয়ে একটি বাস ভাংচুর করে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে তারা চলে যায়। এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুর একটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক, যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন রানাসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহসানুজ্জামান অলিন ছুরিকাহত হওয়ার ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মীর বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা হয়। ওই মামলায় গত ২২ মার্চ ছাত্রলীগ কর্মী খালিদ হাসান নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রদল নেতা আশিক দাবি করেন, ক্যাম্পাসে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে। এতে সংগঠনের ৫/৭ জন আহত হয়েছে। প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, ছাত্রদল বারবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল করার চেষ্টা করছে। এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হচ্ছে। এরপর কেউ নিষেধাজ্ঞা উপেক্ষা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানান প্রক্টর। এদিকে দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে সমাবেশ করে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে। মতিহার থানার ওসি আবুল খায়ের সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৩৭ ঘ.