চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) 'মাস্টারদা সূর্যসেন স্মারক বক্তৃতা' অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে 'চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য' শীর্ষক দুইদিনের আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে প্রথমদিন এ স্মারক বক্তৃতা হবে।
সকাল ১০ টায় সেমিনার উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
বেলা সাড়ে ১১টায় সূর্যসেন স্মারক বক্তৃতা দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং ইনস্টিটিউট অব হিস্টরিক্যাল স্টাডিজ, কলকাতার পরিচালক অধ্যাপক ড. চিত্তব্রত পালিত।
চবি'র সাবেক উপাচার্য ইতিহাসবিদ অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিনের সভাপতিত্বে স্মারক বক্তৃতায় প্রধান অতিথি থাকবেন চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো আলাউদ্দিন। আর বিশেষ অতিথি থাকবেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী।
দুদিনের এই আন্তর্জাতিক সেমিনারে মোট ১৭টি অধিবেশনে শতাধিক প্রবন্ধ উপস্থাপন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চবি ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মো. আলী চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে চবি ক্যাম্পাসে চারটি এবং শুক্রবার নগরীর লোকপ্রশাসন কেন্দ্রে বাকি অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এই সেমিনারের যৌথ আয়োজক বাংলাদেশ ইতিহাস সমিতি ও চবি ইতিহাস বিভাগ। এতে দেশ-বিদেশের প্রায় ২০০ প্রতিনিধি, গবেষক ও ইতিহাসবিদ অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২১২৮ ঘ.
bdnews24