২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অনশন চলছে, অসুস্থ ১৯

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের (এফটিএনএস) শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

টাঙ্গাইল, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের (এফটিএনএস) শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। অনশনরত ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে পড়েছে। এর মধ্যে মঙ্গলবার অসুস্থ হয় ১৯ জন এবং সোমবার হয় ১৩ জন। বিদ্যমান বিএসসি অনার্স ডিগ্রিকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে রোববার থেকে তারা অনশন করে আসছে। অনশনস্থলে দায়িত্বপ্রাপ্ত জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সন্তোষ কুমার সাহা সাংবাদিকদের বলেন, সোমবার রাত থেকে অসুস্থ হয়ে যাওয়ায় নোমান মাহমুদ, নিশাত, জেশন, মঞ্জুরুল ইসলাম ও সুব্রত কর্মকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মো. আখতারুজ্জামান শোভন, মাহমুদুল এমরান, তানভীর আলী তমাল, গনেশ ভক্ত, মাহমুদুল হাসান, মাহফুজুল হক সনি, ফেরদৌস আল আমিন, কাওসারুল আলম মানিক, হুসাইন মাহমুদ, শামসুল হক, শামীম আল মামুন, শাহ আলম, মো. মনিরুজ্জামান ও শিপলুকে স্যালাইন দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রথমদিন অসুস্থ হওয়া মনিরুজ্জামান, সোহেল রানা ও আতিক রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অনশনে যোগ দিলে আবার অসুস্থ হয়। তাদের আবারো হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের অর্ধশতাধিক ছাত্র অনশনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে দুপুর দেড়টার দিকে শহরের নিরালা মোড়ে ১৫ মিনিট মানববন্ধন করে। সোমবার রাত ৮টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেট এমএ মাসুদ, এফটিএনএস বিভাগের চেয়ারম্যান রোকেয়া বেগম, প্রক্টর মুহাম্মদ উমর ফারুক অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটি করে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিলে ছাত্ররা তা মানেনি। গত বছরের ১২ জুলাই ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রি পরিবর্তনের দাবি জানিয়ে উপাচার্যকে একটি স্মারকলিপি দেয়। এরপর শুরু করে আন্দোলন। পরে তারা শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও স্মারকলিপি দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিদ্ধান্ত নেয়- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রণীত কারিকুলাম ও পাঠ্যক্রম অনুসারে বর্তমানে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধীনে যে ডিগ্রি বিদ্যমান রয়েছে তা অপরিপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩৫ ঘ.