২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশি বাধা

এক কর্মীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

রাজশাহী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কর্মীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। মানববন্ধনে অংশ নিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে জড়ো হয় ছাত্রদলকর্মীরা। রাবি ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বলেন, কর্মসূচি শুরুর পাঁচ মিনিটের মধ্যে পুলিশ বাধা দেয়। "পরে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থানের চেষ্টা করলে সেখানেও বাধা দেওয়া হয়", বলেন তিনি। এ বিষয়ে মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, কর্মসূচির জন্য তারা কোনো অনুমতি নেয়নি। এজন্য শান্তিপূর্ণভাবে তাদের হটিয়ে দেওয়া হয়েছে। ছাত্রদলকর্মী আহসানুজ্জান অলিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে ছাত্রদল এ কর্মসূচির ডাক দেয়। তারা অলিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং তার চিকিৎসার ব্যয়ভার নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানায়। গত ৮ ফেব্র"য়ারি ক্যাম্পাসে এক হামলায় অলিন আহত হন। বিশ্ববিদ্যালয়ের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অলিন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রদলের দাবি, ছাত্রলীগের কর্মীরা ওই হামলা চালিয়েছে। ছাত্রলীগের ৪/৫ কর্মীর বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৭ ঘ.