২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে 'দলীয়করণ' বন্ধে সাদাদলের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে 'দলীয়করণ' ও 'স্বেচ্ছাচারিতার' অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষক প্যানেল সাদাদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে 'দলীয়করণ' ও 'স্বেচ্ছাচারিতার' অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষক প্যানেল সাদাদল। রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদাদলের শতাধিক শিক্ষক এই মানববন্ধনে অংশ নেন । পরে সাদাদলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়ম আর দুর্নীতির চরম সীমায় পৌঁছেছে।" "শিক্ষক নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনিয়মের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। মতের স্বপক্ষে না হলে তাদেরকে অসৌজন্যমূলকভাবে সরিয়ে দেওয়া হচ্ছে" বলেন তিনি। অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম দলীয় বিবেচনায় ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি সাবেক ডিন অধ্যাপক আবদুর রশীদকে ভারপ্রাপ্ত পদে পুনর্বহাল করা এবং নতুন ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত এ অনুষদে শিক্ষক নিয়োগ বন্ধের দাবি জানান। এ ছাড়া বিভিন্ন হলের হাউস টিউটর নিয়োগে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন। অবশ্য কোন কোন হলে কীভাবে অনিয়ম হচ্ছে তা বলতে পারেননি তিনি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাদাদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল হাসনাত, রোকেয়া হলে প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নূর ইসলাম, সাদাদলের শিক্ষক অধ্যাপক জেড এন তাহমিদা বেগম, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আব্দুর রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৬২৪ ঘ.